গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে ও ক্যাম্পাসের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আসে। পরে তারা সেখান থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিক্ষেপ করা একটি ককটেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে থাকা একটি গাছে আঘাত লেগে বিস্ফোরিত হয়। অপর ককটেলটি বিস্ফোরিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দুর্জয় শুভের অভিযোগ, নবীনবরণ অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করতেই কোনো একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
সান নিউজ/ রাব্বি