নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও সবজি চাষের উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড বাস্তবায়ন প্রদর্শনী প্রকল্পে বরাদ্দ করা অর্থ ও উপকরণ সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় এক একর জমিতে আলুচাষের একটি প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব থাকলেও নির্বাচিত কৃষকদের অনেকেই জানেন না তাদের জন্য আসা বরাদ্দ সম্পর্কে।
এদিকে বরাদ্দ তালিকায় নাম থেকেও নিজের নায্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ কৃষক। অপরদিকে কারো ক্ষেত্রে ফটোসেশন করেই শেষ।
অন্যদিকে কেউ পেয়েছেন মাত্র ১ হাজার ৫০০ টাকা, কেউ পেয়েছেন ১০ থেকে ১৪ হাজার টাকা মূল্যের উপকরণ। ফলে প্রকল্পের অর্থ কোথায়, কীভাবে এবং কতটুকু ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি এক একর (একক) জমিতে আলুর প্রদর্শনীর জন্য বিভিন্ন উপকরণসহ ৫০হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রকল্পের ব্যয় বিবরণীতে এক একর জমিতে বীজ ও চারা বাবদ ৪ হাজার, জৈব সার ৬ হাজার, জৈব বালাইনাশক ৫ হাজার, ফল আর্মিওয়ার্ম পোকার ফাঁদ ও পাত্র ৬ হাজার, খুঁটি ৮ হাজার, ক্রেট ও ড্রাম ৫ হাজার, পরিচর্যার সরঞ্জাম, জাল, ছাউনি ও তাক বাবদ ১০ হাজার টাকা। এছাড়া সাইনবোর্ড ১ হাজার, পরিবহন ২ হাজার এবং রেজিস্টার, ছবি তোলা, ফটোকপি, মুদ্রণ ও পুনর্মুদ্রণসহ অন্যান্য খাতে ৩ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে। সব মিলিয়ে একটি প্রদর্শনীর বিপরীতে ব্যয়ের পরিমাণ ৫০ হাজার টাকা।
প্রদর্শনী প্রকল্পের সুবিধা বঞ্চিত ঘাটাগন গ্রামের কৃষক সাহেরা বলেন, আমার নাম থাকলেও আমাকে কিছুই দেয়নি। আমাকে বলেছে এবার কিছু নেই। তবে পার্টনার স্কুলের জন্য একবার শুধু ১৫০০ টাকা দিয়েছে। আর জমিতে নিয়ে গিয়ে ছবি তোলার পর আরও ১০০টাকা দিয়েছে। এছাড়া আলুর জন্য কিছু দেওয়া হয়নি। আমার দেবর আবুল কালামকে দিয়েছে। কিন্তু অফিসের লোক আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছে।’
এদিকে একই গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘গত বছর আলুর প্রদর্শনীর জন্য কৃষি অফিস থেকে তিন বস্তা জৈব সার। ফাঁদ ধরার কৌটা ৬টি, কীটনাশক, নেট, খুঁটি ও ক্যারেট মিলে ১২থেকে ১৪হাজার টাকার মতো উপকরণ পেয়েছিলাম। তবে আলুর বীজ নিজেই কিনেছি।’ সরকারি জিনিস সব আসে না।
মিরাট এলাকার কৃষক মোফাজ্জল জানান, প্রায় চার বিঘা জমিতে প্রদর্শনীর আলু চাষ করেছিলাম। কৃষি অফিস থেকে তিন বস্তা জৈব সার, বাঁশের খুঁটি ও নেট পেয়েছিলাম। সব মিলে ১০-১৫হাজার টাকা হবে। কিন্তু বীজ, ড্রাম কিংবা পরিচর্যার জন্য কোনো টাকা পাওয়া যায়নি। বীজ আমার নিজে কেনা। আমি অবশ্য কৃষি অফিসকে বলেছিলাম, তারা বলেছে যা এসেছে সব দেওয়া হয়েছে।
গুডুনিয়া গ্রামের কৃষক প্রদীপ চন্দ্র বলেন, কোনো সার ও বীজ দেওয়া হয়নি। শুধু বাস্কেট (ক্যারেট) ৮টি দিয়েছিল। নেট দিয়ে ঘিরে যে প্রদর্শণী হয়েছে, সেটার জন্য এক টাকাও আমাকে দেওয়া হয়নি। তারা শুধু ছবি তুলে নিয়ে গেছে। আর বিএস এনামুল বলেছে এটার জন্য কিছু নেই। তাই আমি একদিন রাগে আর ছবি তুলতে যাইনি। তবে বিএস এনামুল শুধু বলেছিল ১২ টা ট্রেনিং হবে এবং ট্রেনিং বাবদ টাকা পাবো। তাই বিএস যা দিয়েছে সেটা নিয়েছি।
ভেটি গ্রামের কৃষক আসলাম জানান, আলুর বীজ নিজেই কিনতে হয়েছে। কৃষি অফিস থেকে জৈব সার ৩ বস্তাসহ ১২ থেকে ১৩ হাজার টাকার মতো বিভিন্ন উপকরণ দিয়েছিল। তবে ৫০হাজার টাকা বরাদ্দ আমার জানা ছিলনা।
একইভাবে মালঞ্চি গ্রামের কৃষক বেলাল জানান, প্রদর্শনীর বরাদ্দ সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। তবে কৃষি অফিস থেকে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। আর বীজ নিজেই কিনতে হয়েছে। আমরা সঠিক জানিনা। অফিস থেকে যা দেয়, সেটাই নিতে হয়।
কৃষকদের এসব বক্তব্যে প্রকল্পের বরাদ্দ, উপকরণ সরবরাহ এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের মধ্যে অসংগতি থাকার বিষয়টি সামনে এসেছে। কাজেই সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ বিষয়টি নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সকল অভিযোগ অস্বীকার করে রাণীনগর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন বলেন, আমি নিজে উপস্থিত থেকে প্রদর্শনীর সকল নায্য সুবিধা কৃষকদের দেওয়া হয়েছে। কোনো কৃষক অস্বীকার করতে পারবেনা। এই অভিযোগগুলো সম্পন্ন মিথ্যে ও ভুয়া কথা। আর আমাদের পজিটিভ কাজকর্মও তুলে ধরা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, গত মৌসুমের কথা বলতে পারবো না। ‘আমি এখানে যোগদান করেছি প্রায় চার মাস আগে। তবে কৃষকদের আমার কাছে অভিযোগ দিতে বলেন। আপনার কাছে অভিযোগ দিলে তো আর সমাধান করতে পারবেন না। কাজেই কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।
গত অর্থ বছরে বরাদ্দ আমি দিই নি বলে জানালেন পার্টনার ফিল্ড প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো:. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি যোগদান করে কেবল দুই সপ্তাহ হয়েছে। কাজেই গত বছরে কি হয়েছে এ বিষয়ে আমি কিছু মন্তব্য করতে পারছিনা। তবে অনিয়মের বিষয়টি ক্ষতিয়ে দেখার সুযোগ আছে। আপনি সুনির্দিষ্ট করে তথ্য দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।
উল্লেখ্য, এর আগে কৃষকদের জন্য দেওয়া সরকারি এডব্লিউডি প্রদর্শনীর বরাদ্দ নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৫ আগষ্ট উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুবিধাভোগী একাধিক কৃষককে কৃষি অফিসে ডেকে এনে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।
সেই প্রদর্শনীতে একজন কৃষককে তার দুই একর জমির জন্য বিভিন্ন উপকরণসহ ৫০হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়। এভাবে চার জন কৃষককে তাদের ৮একর জমি উপর স্থাপিত ৪টি প্রদর্শনীর জন্য বরাদ্দকৃত অর্থ নয়ছয় করে কম উপকরণ বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কৃষি বিভাগের উচ্চ পর্যায় নড়েচড়ে বসে এবং তদন্তের উদ্দ্যেগ নেওয়া হয়।
তবে তদন্ত কার্যক্রম শুরু হলেও লুকোচুরি খেলার অভিযোগ ওঠে। ফলে তদন্ত কার্যক্রমের ফলাফল আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে শুরুতেই সংশয় দেখা দেয়।
কাজেই রাণীনগর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প সফল করার জন্য উপজেলা কৃষি অফিসার ও অতিরিক্ত কৃষি অফিসার সার্বক্ষনিক থাকার পরেও কেন সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নায্য সুবিধা থেকে বঞ্চিত হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ দাবী সচেতন মহলের।
সাননিউজ/বান্না