সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা বাসটিতে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সান নিউজ/ রাব্বি