রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক তুহিন মোল্লা সোহরাব মণ্ডলপাড়া এলাকার ভানু মোল্লার ছেলে।
এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আজ রবিবার সকাল সাতটায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় তুহিনের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তুহিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
উদ্ধার করা হেরোইনসহ আটক তুহিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেসনোটে আরও বলা হয় , মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সাননিউজ/বান্না