খেলা

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত।

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে শিরোপা নিয়ে। গত মাসে নিসিনে ভারত তার অধিনায়কত্বে টানা দ্বিতীয় এশিয়ান গেমস স্বর্ণপদক জিতেছে।

নারী দলের সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারকে নিয়ে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। একদিন পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ, আমি সমস্ত ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সাথে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে থেকে যাবে।’

তিনি লম্বা পোস্টে লিখেছেন, ‘আমি এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটকে আমার কাছে থাকা সবটুকু দিয়েছি— আমার রক্ত, আমার ঘাম, আমার সময় এবং বহুবার আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার একটি অংশ। এমন অনেক মুহূর্ত ছিল যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নয়ন এবং নিজের চাওয়াগুলোকে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম দলকেই সবার আগে রাখতে হবে।’

অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়ন করেছেন হারমানপ্রীত, ‘অধিনায়ক হিসেবে আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত যা সবসময় সবার কাছে বোধগম্য ছিল না, সহজ ছিল না এবং কখনও কখনও যার জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলটিকে আরও সেরা করে তোলা এবং অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার ও নিজেদের সেরা রূপ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেওয়া।’

এই বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। অমিত মিশ্রর নির্বাচক কমিটি এই বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। কিন্তু হারমানপ্রীত ২০২৮ অলিম্পিক গেমসেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ‘আমি আজ আবেগে ভরা একটি হৃদয় নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি, তবে হৃদয়ে একই সাথে শান্তিও রয়েছে। কারণ আমি আসলেই বিশ্বাস করি আমার দল এখন একটি ভালো অবস্থানে রয়েছে। প্রতিভা, চরিত্র ও বিশ্বাসে ভরা এমন একটি দল, যার ভবিষ্যৎ দেখতে এবং তার অংশ হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

পরিতৃপ্তি নিয়ে নেতৃত্ব ছাড়ছেন হারমানপ্রীত, ‘আমার মনে হয় আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই দলকে আমার সাধ্যের সবটুকু দিয়েছি। আমি গর্বের সাথে এই দায়িত্ব বহন করেছি এবং ভারতীয় নারী ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।’

ক্রিকেট ক্যারিয়ারের বাকি সময় খেলার প্রতি ভালোবাসা রেখে খেলে যেতে চান তিনি, ‘এখন, আমার নতুন অধ্যায় শুরু করার সময়। অধিনায়কত্ব আজ শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। ধন্যবাদ আমার প্রতিটি সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবারের সদস্য এবং প্রতিটি সমর্থককে, যারা আমার ভালো ও খারাপ সব সময়ে পাশে ছিলেন। এখন, আমি আবারও খেলার প্রতি ভালোবাসা থেকেই মাঠে নামতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হলো। যাত্রা চলবে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা