খেলা

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

ক্রিয়া ডেস্ক

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। জুনের ছুটির সময় থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

১৩ জুলাই নিজের ১৮তম জন্মদিন পালন করতে গিয়ে তো আইনি ঝামেলাতেও পড়েছেন ইয়ামাল। কারণ, অতিথিদের বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন তিনি।

জন্মদিনের সেই অনুষ্ঠানে ছিলেন আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোলও। স্প্যানিশ সাংবাদিক হাভিয়ের হোয়োস সেদিন ইয়ামাল ও নিকোলকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন। তখন থেকেই শুরু গুঞ্জন, নিকোলের সঙ্গেই প্রেম করছেন বার্সেলোনার এই তরুণ স্প্যানিশ উইঙ্গার।

সম্পর্কের ব্যাপারে কেউ মুখ না খুললেও গতকাল ইয়ামাল নিজেই আগুনে ঘি ঢেলেছেন। কাল নিকোলের ২৫তম জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গেই নানা মহলে আলোচনা—ফুটবলে মনোযোগ হারাচ্ছেন কি ইয়ামাল? এখনই নিয়ন্ত্রণ না আনতে পারলে তাঁর ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও অনেকে মনে করছেন।

বার্সার সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত অবশ্য ইয়ামালকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তবে স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ভিন্ন সুরে কথা বলেছেন। তাঁর আহ্বান, ব্যক্তিজীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলা উপভোগ করা উচিত।

কারণটা স্পষ্ট। গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ) জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। লা লিগার প্রথম দুই ম্যাচে করেছেন একটি গোল, করিয়েছেন তিনটি।

স্পেনের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন আরএনইতে দেওয়া সাক্ষাৎকারে ফুয়েন্তে বলেছেন, ‘লামিনের বয়স ১৮ হলেও সে যথেষ্ট পরিণত। মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছে তার। জটিল পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়, সে জানে। দলের প্রতি আত্মত্যাগ, উদারতার অসাধারণ ক্ষমতা আছে ওর। সে আসলেই এক প্রতিভা। সে গাড়ি কিনল, মোটরসাইকেল কিনল নাকি বান্ধবীর সঙ্গে দেখা করল—এসবের চেয়ে ওর খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত আমাদের। সমালোচনার মতো কিছুই করেনি সে।’

ইয়ামালের প্রতিভা এতটাই বিরল যে তাঁকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। ফুয়েন্তে মনে করেন, এই তুলনা বোঝা নয়, বরং অনুপ্রেরণা, ‘মেসির সব অসাধারণ দিকগুলো লামিনেকে গ্রহণ করতে হবে। আশা করি, আমরা মেসিকে যেভাবে উপভোগ করেছি, ইয়ামালকেও ঠিক সেভাবে উপভোগ করব।’

তবে পেতিতের দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি কিলিয়ান এমবাপ্পের নাম টেনে ইয়ামালকে সতর্ক করে অহংকারের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে বলেছেন, ‘কৌশল, দূরদর্শিতা, শক্তি, ড্রিবলিং—সব ক্ষেত্রেই সে অনন্য। কিন্তু মানসিকতার জায়গাটা উন্নত করতে হবে। সেটা বারবার প্রমাণ করতে হবে বার্সেলোনা ও স্পেনের হয়ে। সামনে ২০২৬ বিশ্বকাপ। তবে নিজেকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে চাইলে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে।’

পেতিত আরও যোগ করেছেন, ‘ফর্ম ধরে রাখতে পারলে একদিন ব্যালন ডি’অর জিতবে সে। কিন্তু খারাপ সময় এলে অনেকেই তাকে নামিয়ে আনতে চাইবে। তখন কেমন প্রতিক্রিয়া জানাবে—সেটাই আসল পরীক্ষা। বিষয়টা এমবাপ্পের মতোই। টানা কয়েক বছর সবকিছু দারুণ চলছিল এমবাপ্পের। হঠাৎ ধস নামল। ফর্মও হারাল। ইয়ামালকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সচেতন হতে হবে। মাঝেমধ্যে ওর মধ্যে যে ঔদ্ধত্য দেখি, সেটা ভালো লক্ষণ নয়।’

এদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারও ভালো শুরু করেছে। প্রথম দুই ম্যাচেই জয়। তাদের পরের ম্যাচ ৩১ আগস্ট রাতে, রায়ো ভায়েকানোর বিপক্ষে। এরপরই স্পেন জাতীয় দলে যোগ দেবেন ইয়ামাল, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জাপানের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা