পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাধার মাংসের পাশাপাশি জীবিত অবস্থায় বেশ কিছু গাধা, কুকুর, শিয়াল, কচ্ছপ এবং বিরল প্রজাতির বনরুই (প্যাঙ্গোলিন) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও খাদ্য নিরাপত্তা সংস্থা।
গতকাল শুক্রবার স্থানীয় পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করে ইসলামাবাদ ফুড অথরিটি (আইএফএ)।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া প্রক্রিয়ার অংশ হিসেবে আইএফএ এবং পুলিশের একটি যৌথ দল রাজধানীর সেক্টর ডি-১৪ এলাকার একটি আবাসিক ভবনে হানা দেয়।
তল্লাশিকালে সেখান থেকে বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত গাধার মাংস ও একটি মৃত গাধার পাশাপাশি জীবিত অবস্থায় ১২টি গাধা, ৫টি কুকুর, ১৭টি কচ্ছপ, একটি শিয়াল এবং একটি প্যাঙ্গোলিন জব্দ ও উদ্ধার করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এসব মাংস ও প্রাণী জব্দের তথ্য নিশ্চিত করে খাদ্য কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই বাড়িতে বাণিজ্যিক বা ব্যক্তিগতভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ ও মজুত রাখার কোনো ধরনের বৈধ অনুমোদনপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি বাসিন্দারা।
তা ছাড়া থানায় দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) উল্লেখ করা হয়েছে, চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সব প্রচলিত বিধিমালা উপেক্ষা করে ওই গোপন কারখানাটি চালানো হচ্ছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযুক্ত বাসিন্দাদের বিরুদ্ধে রাজধানীর গোলরা থানায় ‘ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ফুড সেফটি অ্যাক্ট, ২০২১’-এর ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে আইএফএ।
উল্লেখ্য, পাকিস্তানের রাজধানীতে অবৈধ মাংস ও বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের এটিই সর্বশেষ উদাহরণ। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ইসলামাবাদের তারনোল এলাকাতেও এমনই একটি অভিযানে অর্ধশতাধিক জীবিত গাধা এবং বিপুল পরিমাণ সন্দেহভাজন মাংস জব্দ করা হয়েছিল।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সান নিউজ / রাজীব