ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম সংস্করণ শুরু হচ্ছে আগামী ডিসেম্বরের মাঝামাঝি। দীর্ঘ সময় ধরে উৎসবটিতে বাংলাদেশের চলচ্চিত্রের সরব উপস্থিতি ছিল এবং নানা সময়ে সেসব সিনেমা সম্মাননাও কুড়িয়েছে।
তবে বিগত দুই আসরে উৎসবের তালিকা থেকে বাদ পড়েছিল বাংলাদেশের কোনো সিনেমা—যার নেপথ্যে তৎকালীন রাজনৈতিক বাস্তবতার গুঞ্জন শোনা গিয়েছিল।
অবশেষে সেই বিরতি ভেঙে দুই বছর পর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যেখানে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।
তবে এই ফেরার মাঝেও রয়েছে এক কৌতূহল জাগানো দিক। বাংলাদেশের নির্মাতা ও গল্পের সিনেমা হলেও উৎসবের তালিকায় এটিকে ‘ফ্রান্স’-এর চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে।
মূলত বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের একাধিক প্রযোজক এই নির্মাণে যুক্ত থাকায় সেই সূত্র ধরেই ফ্রান্সের সিনেমা হিসেবে এটিকে উপস্থাপন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
উৎসব সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পাশাপাশি ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের মোট ১৫টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এই ১৫টি ছবির ভিড়ে বাংলা ভাষায় নির্মিত একমাত্র প্রতিনিধি হিসেবে লড়ছে রুবাইয়াতের ছবিটি।
কলকাতার মঞ্চে নিজের কাজ নির্বাচিত হওয়ায় বেশ আনন্দিত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার ভাষায়, অবশেষে বাংলাভাষী দর্শকদের সামনে সিনেমাটি তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় তিনি উচ্ছ্বসিত; তা ছাড়া কলকাতা শহরটিও তার ভীষণ পছন্দের।
আগামী ১৬ ডিসেম্বর পর্দা উঠবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরের, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ আজমেরী হক বাঁধনের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
চলতি বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর একটি পুরস্কারও অর্জন করেছিল ছবিটি। পাশাপাশি টরন্টো ও লন্ডনের মতো বিশ্বখ্যাত উৎসবের আঙিনাতেও নির্বাচিত হয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পোক্ত করেছে এই চলচ্চিত্র।
সান নিউজ / রাজীব