মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ এক বিবৃতিতে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকের এই সময়ে মুখার্জি পরিবারের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার দুপুরে রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখার্জি পরিবার কৃতজ্ঞ।’
শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত ছিলেন কৃষ্ণা মুখার্জি। একসময় কয়েকটি সিনেমায় গানও গেয়েছেন তিনি। তার স্বামী রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক। ২০১৭ সালে মারা যান তিনি।
মুম্বাইয়ে মুখার্জি পরিবারের বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যেত কৃষ্ণা মুখার্জিকে। পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজাতেও প্রতি বছর সক্রিয়ভাবে অংশ নিতেন তিনি। মায়ের সঙ্গে রানির ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বিভিন্ন সময়ে অভিনেত্রীর সাক্ষাৎকারে উঠে এসেছে।
রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের সুযোগ আসে তার বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে। তবে সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মায়ের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানিয়েছিলেন রানি।
অভিনেত্রী বলেছিলেন, ‘মা ভেবেছিলেন, আমি যদি ভালো কাজ করি, তা আমাদের পরিবারের সবার জন্য ভালো হবে।’
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের ক্ষেত্রেও মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রানি। ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান তিনি। সন্তানদের ফিরে পেতে একজন মা কতটা লড়াই করতে পারেন, সেই গল্পই তুলে ধরা হয়েছিল সিনেমাটিতে।
মাকে স্মরণ করে একবার রানি বলেছিলেন, ‘একজন আপাদমস্তক বাঙালি মানুষ। নিজ হাতে আমাদের খাইয়ে দিয়েছেন, কপালে টিপ পরিয়ে দিয়েছেন। আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।’
চলতি বছর ‘মর্দানি ৩’ সিনেমায় দেখা গেছে রানিকে। এ ছাড়া আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে তার নতুন সিনেমা ‘কিং’। ছবিটিতে শাহরুখ খান, তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ বলিউডের একাধিক তারকা অভিনয় করেছেন।
সান নিউজ/ রাব্বি