দিনাজপুরের বোঁচাগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে, পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বনহরা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনে অভিযান পরিচালনা করে বোচাগঞ্জ থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায় ও মো. বাবুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই ভবন থেকে মো. মাসুদ পারভেজকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর গায়ে ইংরেজিতে ‘Tapal 100mg’ লেখা ছিল। এসব ট্যাবলেটের মোট ওজন ১ দশমিক ৮৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে রাত ১১টা ৫৫ মিনিটে তাঁকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১১৯। মামলাটি তদন্ত করছেন বোচাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায়।
এদিকে, একই দিনে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত একজনকে ৮ মাসের এবং অপরজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাননিউজ/বান্না