ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারে অপু বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে নূতন জানান, তাদের সম্পর্ক বেশ ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে তিনি অপু বিশ্বাসকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করতেন বলেও জানান এই অভিনেত্রী।
নূতনের ভাষ্য, অপু বিশ্বাস খুব ভালো মনের একজন মানুষ এবং একইসঙ্গে একজন বড় সুপারস্টার। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অপুকে নিজের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করার পরামর্শ দেন তিনি।
নূতন বলেন, একজন তারকা বা সুপারস্টার হিসেবে ব্যক্তিগত বিষয়গুলো সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে প্রয়োজনীয় বিষয়গুলো সঠিক সময়ে এমনিতেই প্রকাশ্যে আসবে।
অপু বিশ্বাসের জন্য শুভকামনাও জানিয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। তিনি বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাক, সুস্থ থাক।’
এদিকে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নূতনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খান সাহেবের দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’
সাক্ষাৎকারে নূতনের বক্তব্যে ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক ও কাজের অভিজ্ঞতার বিষয়টিও উঠে আসে।
সান নিউজ/ রাব্বি