সারাদেশ

শীতের আগমনে নতুন সাজে ‘চায়ের রাজ্য’ শ্রীমঙ্গল

তিমির বনিক, মৌলভীবাজার

চায়ের রাজ্যে শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে দেশে ‘শীতের শহর’ ও ‘চায়ের রাজ্য’ মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে হিমেল হাওয়া, ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়ে উঠছে সূর্য মামা। চা-বাগানের সবুজ পাতায় জমছে শিশিরবিন্দু। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। সোমবার সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সন্ধ্যা থেকেই শ্রীমঙ্গলে ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজও স্পষ্ট হয়ে ওঠে। সোমবার ভোরে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি জানান দিচ্ছিল, শীত এবার ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, সোমবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

শহরের লালবাগ এলাকার বাসিন্দা মুকিত মিয়া জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে তিনি চারদিকে কুয়াশা দেখতে পান। এ সময় বেশ শীতও অনুভূত হচ্ছিল।

শীতের এই আগমনে শ্রীমঙ্গলের প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠছে। সকাল-সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করে উঠছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই অপরূপ দৃশ্য শ্রীমঙ্গলের সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।

শুধু প্রকৃতিই নয়, শীতের আগমনী বার্তা মিলছে পাখির জগতেও। শ্রীমঙ্গলের অন্যতম পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে ইতিমধ্যে অল্পসংখ্যক অতিথি পাখির দেখা মিলতে শুরু করেছে।

বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন সূত্র জানায়, শীতের শুরুতেই বাইক্কা বিলে কিছু অতিথি পাখি আসতে শুরু করেছে। শীত যত বাড়বে, অতিথি পাখির সংখ্যাও তত বাড়বে। কিছুদিন পর ঝাঁকে ঝাঁকে পাখির আগমনে বিলজুড়ে তৈরি হবে প্রাণচাঞ্চল্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাইক্কা বিল ছাড়াও হাওর, খাল-বিল এবং শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের লেকগুলোতে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব জলাশয়ে পাখির আনাগোনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠবে জলাভূমিগুলো।

শ্রীমঙ্গলের শীতের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শীতের শুরুতেই ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে, কুয়াশায় ঢেকে যাবে চা-বাগান ও জলাভূমি। আর অতিথি পাখির ডানায় ভর করে শ্রীমঙ্গলের প্রকৃতিতে ছড়িয়ে পড়বে শীতের অনন্য সৌন্দর্য।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা