কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় হারবাং ইউনিয়নের সাইফা কমিউনিটি সেন্টারের সামনে সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমকে ধাক্কা দিলে টমটমে থাকা পাঁচ যাত্রী ও চালক আহত হন। এ সময় ঘটনাস্থলেই আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত আরহাম উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা(ভান্ডারির ডেপা)এলাকার বোরহান উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আরহামের মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার এবং বোরহান উদ্দিনের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত। এ ছাড়া টমটমচালক জাফর আলম প্রকাশ বদ (৪০) আহত হয়েছেন। তিনি হারবাং মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, একই দিনে নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহমুদুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মৃত আবুল খাইরের ছেলে বলে জানা গেছে।
চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ জানান, হারবাং এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতকানিয়াগামী একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী মাহমুদুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, অপর দুর্ঘটনাটি সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মধ্যে সংঘর্ষের কারণে ঘটে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না