পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি নিজাম উদ্দিন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার সভাপতি মো. জাহিদ মুসুল্লী, কলাপাড়া থানা শাখার সভাপতি মো. শামীম এবং কলাপাড়া থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি এসহাক মুন্সী।
বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে ‘আইয়ামে জাহেলিয়ার যুগের’ সঙ্গে তুলনা করেন এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশ থেকে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানানো হয় বর্তমান সরকারের কাছে।
সাননিউজ/বান্না