সারাদেশ

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে চিহ্নিত হলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহত রূপলাল দাস ও প্রদীপ লালের পরিবারের সদস্যরা অপরাধীদের শনাক্ত করেছেন। এ ঘটনায় ছড়িয়ে পড়া তিনটি ভিডিও বিশ্লেষণ করে মারধরে জড়িত অন্তত সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বটতলা এলাকায় রূপলাল দাস ও প্রদীপ লালকে আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, আটকের পর এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। প্রদীপ তাঁর ভ্যানের আসনের কাছে ও রূপলাল ভ্যানের পেছনে বসা ছিলেন। একপর্যায়ে এক যুবক ক্ষিপ্ত হয়ে ‘পিটাও রুবেল ভাই, পিটাও’ বলে চিৎকার করেন। এরপর প্রদীপ লালের পেছন থেকে সাদা শার্ট পরিহিত এক যুবক তাঁর কলার টেনে ধরে ঘুষি মারেন। তিনি বালাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম।

এ বিষয়ে কথা বলার জন্য খায়রুল ইসলামের বাড়িতে গেলে দরজায় তালা ঝুলতে দেখা যায়। তাঁর স্ত্রী আরজু বেগম বাড়ির পাশে গাছতলায় বসেছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘সেই দিন আমার স্বামী দীঘলটারীর কৃষিকাজ করছে। বাড়ি আসার সময় গোলযোগ শুনি গেছলো। সে সামনে দাঁড়াই ছিল লোকজগুলাক বাঁচপার জন্যে। তাতে ভিডিওর ছবি উঠছে।’

ভিডিওতে দেখা যায়, ভ্যানের ওপর উঠে আবার সেখান থেকে নেমে প্রদীপ লালের সামনে আসেন আকাশি রঙের গেঞ্জি পরিহিত এক যুবক। তিনি প্রদীপকে আঘাত করতে থাকেন। তিনি বুড়িরহাট পাইকারপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে রুবেল পাইকার।

কথা বলার জন্য রুবেল পাইকারের বাড়িতে গেলে দেখা যায়, বাড়ির সামনে বসে আছেন একদল লোক। এই প্রতিবেদককে দেখে সটকে পড়েন সবাই। বেশ কয়েকবার ডাকার পর রুবেলের মা আনোয়ারা বেগম পাশের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, ‘একজন লোক ফোন দিয়া আমার ছেলেক ডাকে নিছে। ওয় তো লোক দুইটাক বাঁচপার জন্য ভ্যানোত উঠি চিল্লাচিল্লি করছে। তাক তো ভিডিওতে দেখা যাওছে।’

৯ আগস্ট রাত নয়টার দিকে তারাগঞ্জের সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় পিটুনিতে নিহত হন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের ছড়ান বালুয়া গ্রামের প্রদীপ লাল (৩৫)। সম্পর্কে তাঁরা আত্মীয়। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন আর প্রদীপ লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রুবেল পাইকারের মারধর শেষ না হতেই দৌড়ে গিয়ে প্রদীপের মাথা ও কানে ঘুষি মারতে থাকেন সাদা প্রিন্টের শার্ট পরা একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহাগ হোসেন। কথা বলার জন্য অনেক খোঁজাখুঁজির পরেও সোহাগ হোসেনকেও বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বাবা আশরাফুলও বাড়িতে ছিলেন না। তবে সোহাগের মা লাভলি বেগম বলেন, ‘গ্রামের সবাই ভয়ে পালাইছে। রংপুর থাকি আমার ছেলে বাড়ি আসার পথে ওই লোক দুইটাক মাইরডাং করা দেখছে। ওই সময় ছবি ভিডিও উঠছে, কিন্তু সে তো কাকও মারে নাই।’

ওই ভিডিওতে আরও দেখা যায়, ভ্যানের ওপর পড়ে যাওয়া রূপলালকে কিল-ঘুষি মারতে থাকেন সবুজ রঙের গেঞ্জি পরা বালাপুর গ্রামের ছলি মামুদের ছেলে নজরুল ইসলাম। নজরুলের স্ত্রীর ওজিদা বেগম বলেন, ‘আমার স্বামী মারে নাই। আমার স্বামী দেখপার গেইছে, তাতে ভিডিওত উঠছে। সবাই ভয়ে পালাইছে। ওই জন্যে ওয়ও বাড়িত নাই।’

এ ছাড়া ভিডিওতে স্থানীয় বাসিন্দা এবাদত হোসেন, আশরাফুল ইসলাম, মেহেদী হাসানকে মারধরে অংশ নিতে দেখা যায়।

৯ আগস্ট রাত নয়টার দিকে তারাগঞ্জের সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় পিটুনিতে নিহত হন উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের ছড়ান বালুয়া গ্রামের প্রদীপ লাল (৩৫)। সম্পর্কে তাঁরা আত্মীয়। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন আর প্রদীপ লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনির আগে হাত জোড় করে এভাবে বাঁচার আকুতি জানান প্রদীপ লাল (বাঁয়ে)। নিজের পরিচয় বলছিলেন রূপলাল (ডানে)
রংপুরের তারাগঞ্জে গণপিটুনির আগে হাত জোড় করে এভাবে বাঁচার আকুতি জানান প্রদীপ লাল (বাঁয়ে)। নিজের পরিচয় বলছিলেন রূপলাল (ডানে)ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রূপলালের ছেলে জয়দাস বলেন, ‘ভিডিও দেখে প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিয়ে জেনেছি, বুড়িরহাট এলাকার মিজানুর রহমান, এবাদত হোসেন, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ আলী, সোহাগ হোসেন, রুবেল পাইকার, নজরুল ইসলাম, খাইরুল ইসলাম, শরীফুল ইসলাম, আলামিন হোসেন, রফিকুল ইসলাম, আখতারুল ইসলামসহ ২৫-৩০ জন লোক আমার বাবাকে ৯ আগস্ট রাত ৯টায় এলোপাতাড়ি মারধর করেছে। শত শত লোক তা চেয়ে দেখেছে, ভিডিও করেছে, কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।’ তবে শনাক্ত হওয়া ওই ব্যক্তিদের স্বজনেরা দাবি করেছেন, কেউ ঘটনা দেখতে, কেউ বাঁচাতে, কেউ ভিডিও করতে গিয়েছিলেন। রূপলাল ও প্রদীপকে তাঁরা মারেননি।

মিজানুর রহমানের মা মরিয়ম বেগম ও এবাদত হোসেনের স্ত্রী রেশমা বেগম বলেন, মিজানুর ও এবাদত নির্দোষ। চোর ধরা পড়েছে শুনে তাঁরা দেখতে গিয়েছিলেন। আশরাফুল ইসলামের ভাবি শারমিন বেগম বলেন, ‘আশরাফুল অন্যায় কোনো কাজ করে না। চিল্লাপাল্লা শুনে সেদিন দেখতে গেছিল। অন্য মানুষ ভিডিও করবার সময় রূপলালের মাথা ভাসে ধরবার কছলো যাতে রূপলালকে মানুষ ভিডিওতে দেখে চিনতে পারে। ওই জন্য রূপলালের মাথা দুই হাত দিয়ে ভাসে ধরছিল। ওয় তো রূপলালকে মারে নাই।’

অভিযুক্ত মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা ঈশা মামুদও বাড়িতে নেই, ঘরে তালা ঝুলছে। মেহেদীর খালা রশিদা বেগম বলেন, ‘ভিডিও তো আছে। ওটে ভালো করি দেখ। লোক দুইটাক মেহেদী বাঁচার চেষ্টা করোছে। কিন্তু ওয় এখন পুলিশের ভয়ে বাড়ি ছাড়া।’

চরম বর্বরতা দেখিয়ে, উল্লাস করে রূপলাল ও প্রদীপকে হত্যা করা হয়
ঘরের ভেতরে বসেছিলেন মোহাম্মাদ আলীর মা মাহমুদা বেগম। চোখে–মুখে চিন্তার ভাঁজ। এই প্রতিবেদককে দেখে ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ‘মোর বেটা ভাঙড়ির ব্যবসা করে। সৈয়দপুরোত ভাঙড়ি বেচে বাড়ি আইসার সময় গন্ডগোল শুনে ওটে গেইছে। লোক দুইটাক মারাডাংগা করে নাই। হামার দুষমোনেরা মোর ছেলেটার দোষ দেওছে।’

অভিযুক্ত শরীফুল ইসলামকেও বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি পালিয়েছেন। তাঁর খালা সালমা বেগম বলেন, ‘শরীফুলের বাবা মোফাজ্জল হোসেন অনেক দিন আগোত মারা গেইছে। তখন থাকি বুড়িরহাট স্কুলের পেছনে থাকে। খুব ভালো ছেলে ওয়। অন্য মানুষ ওক ফাঁসার চেষ্টা করোছে।’ আলামিন হোসেন ও রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা ঝুলছে। আখতারুলের ছেলে ওমর সানি বলেন, ‘আমার বাবা নির্দোষ। ঘটনার সময় বাড়িতে ছিল। পুলিশ কী কারণে বাবাকে ধরে নিয়ে গেছে, বুঝতে পারছি না।’

‘বুড়িরহাটের মানুষ আমার নির্দোষ স্বামীক মারি ফেলাল’
রবিবার সকালে রূপলালের বাড়িতে গিয়ে দেখা যায়, মেঝেতে বসে আছেন স্ত্রী ভারতী দাস। ঘটনার ১০ দিন পরও তাঁর চোখ লাল, গলা ভাঙা। তিনি আক্ষেপ করে বলেন, ‘বুড়িরহাটের মানুষ আমার নির্দোষ স্বামীক মারি ফেলাল। মেয়েটার বিয়ে পিছাইলো। স্বামী ছাড়া সংসার চালানোর কেউ ছিল না। আমি স্বপ্নেও ভাবি নাই আমার এই রকম হবে। কখনো ভাবি নাই ছেলেমেয়েকে নিয়া এই পর্যায় আসতে হবে।’

রূপলালের মা লালিচা দাস বলেন, ‘বাবা আমার ছেলেটা এনা পানি খাবার চাইলো, তা–ও দেয় নাই। সবাই মিলি মারি ডাঙ্গে চাওয়াটাক মারি ফেলাইছে। বুড়িরহাটের মানুষ আমার ব্যাটাটাক মারি ফেলাইছে। ভিডিওতে তো তাক স্পষ্ট দেখা যাওছে। তা–ও পুলিশ ধরোছে না।’

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। যাদের শনাক্ত করা হয়েছে, তারা এলাকার বাইরে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা