প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণে ইউনিক্লোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে নতুনত্ব আনা, আধুনিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, বিনিয়োগ অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে সরকারের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। তাঁদের প্রত্যাশা, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও বাড়বে এবং অর্থনৈতিক অংশীদারত্ব নতুন মাত্রা পাবে।
সান নিউজ/ রাব্বি