প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ ধরনের হিসাব খোলার সুযোগ পাবেন প্রবাসীরা।
নতুন এ ব্যবস্থার ফলে বিদেশে বসবাস করেও দেশে টাকা জমা রাখা, দৈনন্দিন খরচ মেটানো, বিনিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন তারা।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এনআরসিটিএর আওতায় সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খুলতে পারবেন। বিদেশে অবস্থান করেও এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
এনআরসিটিএ হিসাবে বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ জমা রাখা যাবে। এ ছাড়া প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও এ হিসাবে জমা করার সুযোগ থাকবে।
হিসাবে জমা অর্থ ব্যবহার করে দেশের বিভিন্ন খরচ মেটানোর পাশাপাশি অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করতে পারবেন হিসাবধারীরা। এমনকি এ হিসাবের অর্থ জামানত হিসেবেও ব্যবহার করা যাবে, যার বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।
নতুন নীতিমালায় অর্থ উত্তোলন ও স্থানান্তরের সুবিধার পাশাপাশি বিদেশে অর্থ পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। হিসাবের মূল জমার অর্থের সঙ্গে এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও নির্ধারিত নিয়মে বিদেশে পাঠানো যাবে।
এদিকে, প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও গতিশীল করতে অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। ফলে বিদেশে বসেই হিসাব পরিচালনা ও প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সহজ হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এনআরসিটিএ পরিচালনার নিয়মে এ পরিবর্তনের ফলে প্রবাসীদের দেশে অর্থ ব্যবস্থাপনা আরও সুবিধাজনক হবে। পাশাপাশি বৈধ পথে প্রবাসী আয় ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে।
সান নিউজ/ রাব্বি