জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে ৩-১ গোলে হারিয়েছে তার দল আল নাসর। ম্যাচে দুর্দান্ত গোল করে ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ এই মহাতারকা।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।
ম্যাচের ৩০ মিনিটে নাওয়াফ বৌশালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। তবে এর আগেই চোটের কারণে ১৫ মিনিটে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তার পরিবর্তে মাঠে নামেন আইমান ইয়াহিয়া।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ৯৮১-তে নিয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। অর্থাৎ, ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখনো প্রয়োজন ১৯টি গোল।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে নেফৎচি ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিতও দেয় উজবেকিস্তানের দলটি। তবে শেষ পর্যন্ত তাদের সেই আশা পূরণ হয়নি। আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
এদিকে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের কোচের সঙ্গে মতবিরোধের জেরে রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়। তবে জাতীয় দল নিয়ে বিতর্কের মধ্যেও ক্লাবের হয়ে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই তারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে আবারও বুঝিয়ে দিয়েছেন, গোলের ক্ষুধা এখনো কমেনি তার।
সান নিউজ/ রাব্বি