দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
হাইকোর্টে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব শিশুদের নিয়মিত খোঁজ-খবর নেয়া হয় এবং খেলনা, পোশাক, শিশুখাদ্যসহ তাদের খোঁজ-খবর রাখা হয়। প্রতিবেদনে এসব শিশুদের সর্বোত্তম স্বার্থে পছন্দের নিকটাত্মীয়দের কাছে অথবা সরকারি শিশু পরিবারের রাখার সুপারিশও করেছে সমাজসেবা অধিদপ্তর।
এর আগে গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চায় হাইকোর্ট। তবে তারা এখনো প্রতিবেদন দাখিল করেনি। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা এক রিটের প্রেক্ষিতে ওইদিন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের পাশাপাশি রুল জারি করেছিলেন।
রুলে জানতে চাওয়া হয়েছিল— কারাগারে থাকা ওইসব শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সঠিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না। অবকাশকালীন ছুটির পর এই রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
কারা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ২৯৯ শিশু (২৬ এপ্রিল, ২০২৬ পর্যন্ত) রয়েছে। এসব শিশুর মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি। এর মধ্যে কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন। এই শিশুদের মায়েদের কেউ সাজা কাটছেন, আবার কারও মামলা বিচারাধীন রয়েছে।
সম্প্রতি কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ১৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে শিশু রয়েছে ১০০ জন। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ১২টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ৯০ জন শিশু রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৫ জন শিশু রয়েছে।
অন্যদিকে সিলেট বিভাগের ৫টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ১৯ জন শিশু রয়েছে। এ ছাড়াও রংপুর বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৫ জন শিশু, খুলনা বিভাগের ১০টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২০ জন শিশু, বরিশাল বিভাগের ৬টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ৪ জন শিশু এবং ময়মনসিংহ বিভাগের ৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ১৩ জন শিশু রয়েছে। আর মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।
সাননিউজ/বান্না