নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান।
সফরকালে তিনি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন।
ওয়াশিংটনে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান বার্ষিক সভা ও প্রদর্শনী ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।
এ ছাড়া সরকারি সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সান নিউজ/ রাব্বি