মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি ও বিদেশি পর্যটক রয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ অক্টোবর (মঙ্গলবার) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন।
এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে ভাঙা ইস্পাত ও অন্যান্য ধ্বংসাবশেষ।
সংবাদদাতার বর্ণনা অনুযায়ী, সড়কের পাশে যাত্রীদের আসন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এ ছাড়া ট্রাকের পেছনের অংশেও বাসের ভাঙা অংশ আটকে থাকতে দেখা যায়।
আল-আহরামের প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় মিসরজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানীয় পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
সান নিউজ/ রাব্বি