ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেলসংক্রান্ত চুক্তির সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে মস্কোর সঙ্গে সমঝোতার কথা জানান ট্রাম্প। এ উদ্যোগের ফলে রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহের সুযোগ তৈরি হতে পারে।
তবে জেলেনস্কির আশঙ্কা, এ চুক্তির মাধ্যমে রাশিয়া অতিরিক্ত রাজস্ব পাবে, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা এবং যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবহার করতে পারে মস্কো। এ কারণে চুক্তিটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কির সমালোচনার জবাব দেন ট্রাম্প। এ সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রাখার মাধ্যমে জেলেনস্কি বিশ্বজুড়ে সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত রাখার সুযোগ দিয়ে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’। এ ধরনের হামলা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় ইউক্রেনের নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটির এমন একজন নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারবেন।
ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে রাশিয়ার জ্বালানি বাণিজ্য এবং যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে মতপার্থক্যের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সান নিউজ/ রাব্বি