কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের আধিক্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেন সাদিয়া। পরে পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজনের সমালোচনার জবাব দেন তিনি।
সেখানে সাদিয়া দাবি করেন, যাদের উদ্দেশে তিনি পোস্টটি দিয়েছেন, তাদের মধ্যেই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন। এ সময় মন্তব্যকারীদের উদ্দেশে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।
সাদিয়ার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।
সান নিউজ/ রাব্বি