বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর পাওয়া গেছে ১৬৭। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউ এয়ারের তালিকায় ২৬৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৫৭। এ ছাড়া ১৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ভারতের মুম্বাই ১৮১ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউ এয়ারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বায়ুমান সূচকের স্কোরের ভিত্তিতে বাতাসের গুণগত মান এবং জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
সেই হিসাবে ঢাকার বর্তমান ১৬৭ স্কোর রাজধানীর বাসিন্দাদের জন্য উদ্বেগজনক। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
সান নিউজ/ রাব্বি