আন্তর্জাতিক

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক এক সপ্তাহের মাথায় বেইজিংয়ে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন ও ইরান পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার মধ্যেই বুধবার (২০ মে) বেইজিংয়ের ‘গ্রেট হল’-এ অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

বৈঠকে রাশিয়া-চীন সম্পর্ককে ‘অভূতপূর্ব উচ্চতায়’ উল্লেখ করে দুই নেতা ওয়াশিংটনের ‘কাণ্ডজ্ঞানহীন’ পারমাণবিক নীতি এবং প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় একটি ‘বহুমেরু বিশ্বব্যবস্থা’ গঠনের পক্ষে যৌথ ঘোষণা দেন তারা।

সংক্ষিপ্ত অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তত ২০টি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও রাশিয়ার বহুল প্রত্যাশিত প্রাকৃতিক গ্যাস সরবরাহের ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন প্রকল্পের মূল্য নির্ধারণের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে, তবু শি জিনপিং জ্বালানি সংযোগকে দুই দেশের সম্পর্কের ‘মূল ভিত্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বিশ্লেষকদের মতে, একদিকে ট্রাম্পের সঙ্গে উত্তেজনা প্রশমন এবং অন্যদিকে পুতিনের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের এই ধারাবাহিকতা বিশ্বমঞ্চে বেইজিংকে এক অপরিহার্য কূটনৈতিক চালিকাশক্তি এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এদিকে বৈঠক শেষে ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে শি জিনপিং বলেছেন, চীন ও রাশিয়া একে অপরের কৌশলগত শক্তি হিসেবে কাজ করবে। এ ছাড়া উভয় দেশ উচ্চতম পর্যায়ের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকে শি জিনপিং এবং পুতিন দ্বিপক্ষীয় সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের আগে বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং।

রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে বেইজিংয়ের ‘গ্রেট হল’-এর বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ নেতাকে স্বাগত জানাতে গ্রেট হলের প্রবেশপথে লালগালিচা বিছানো হয়।

বিবিসি জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে গ্রেট হলে এই বৈঠক হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই বৈঠক শুরু হয়। সংক্ষিপ্ত এই বৈঠক প্রায় ১৫ মিনিট ধরে চলে।

বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে ২০টিরও বেশি চুক্তি সই করা হয়। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও বিস্তারের লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে একটি যৌথ ঘোষণায় ‘বহুমেরু বিশ্বব্যবস্থা’ গঠনের পক্ষে অবস্থান নেয় দুই দেশ।

বৈঠক শেষে দুই নেতা কোনো সাংবাদিকের প্রশ্ন নেননি এবং সরাসরি স্থান ত্যাগ করেন। তবে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, এই চুক্তি ও আলোচনা চীন-রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।
চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার বেইজিং পৌঁছেন পুতিন। সেখানে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় হওয়ার কথা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কয়েকদিনের মাথায় পুতিন ও শির এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন-রাশিয়ার সম্পর্ক যে এখনো অটুট তা তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য হতে পারে।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ও শি জিনপিং রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারত্বকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক গভীর হয়েছে। এরপর থেকে পুতিন নিয়মিত বেইজিং সফর করছেন।

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর: জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে সম্মত হয়েছেন শি জিনপিং ও পুতিন। দ্বিপক্ষীয় বৈঠকের পর এই দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে ৪০টি চুক্তি স্বাক্ষর হবে। তবে বুধবার ২০টিতে স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেখানে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা থাকবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। ট্রাম্পের বহরে ছিলেন অত্যাধুনিক চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিরল খনিজ অপরিহার্য।

যুক্তরাষ্ট্রের সমালোচনায় একাট্টা শি-পুতিন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা এবং ওয়াশিংটনের ‘কাণ্ডজ্ঞানহীন’ পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।

পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের যৌথ বিবৃতিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাইলেও বৈশ্বিক কিছু স্পর্শকাতর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার মৌলিক মতপার্থক্য রয়েছে; যেখানে চীনের অবস্থান রাশিয়ার সঙ্গে সম্পূর্ণ এক।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভূমি ও মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে ট্রাম্পের যে পরিকল্পনা, তা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত রাখার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়েও ওয়াশিংটনের সমালোচনা করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মস্কোর পক্ষ থেকে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও ট্রাম্প তাতে সাড়া দেননি। যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক বলেছিলেন, চীনের পরমাণু অস্ত্র মোকাবিলা করার জন্য নিজেদের অস্ত্রের মজুত আরও বাড়ানো উচিত ওয়াশিংটনের। যদিও চীন বলেছে, তাদের অস্ত্র বৃদ্ধির এই হার মার্কিন মজুতের তুলনায় অনেক কম।

বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে দুই নেতা এক সুরে কথা বললেও গুরুত্বপূর্ণ বিষয়ে তারা বড় ধরনের কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন; যা মস্কো দীর্ঘদিন ধরে পাওয়ার আশা করছিল। একটি নতুন পাইপলাইন নির্মাণের বিষয়ে ওই চুক্তিতে পৌঁছানোর কথা ছিল মস্কো-বেইজিংয়ের; যার মাধ্যমে রাশিয়ায় উৎপাদিত প্রাকৃতিক গ্যাস চীনে রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি করা সম্ভব হবে বলে ধারণা করা হয়।

এই সম্মেলনের মধ্য দিয়ে শি জিনপিং কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সপ্তাহ পার করলেন। চীনের সবচেয়ে শক্তিশালী কৌশলগত প্রতিদ্বন্দ্বী এবং অন্যতম ঘনিষ্ঠ অংশীদার যুক্তরাষ্ট্র এবং রাশিয়াÑউভয় দেশের শীর্ষ নেতার সঙ্গেই বৈঠক করেছেন তিনি।

ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন এবং পুতিনের বাহিনী ইউক্রেন যুদ্ধে অনেকাংশেই আটকে রয়েছে। এমন সময়ে এসব শীর্ষ সম্মেলন চীনের নেতাকে বিশ্বমঞ্চে বেইজিংকে বৈশ্বিক স্থিতিশীলতার স্তম্ভ এবং একটি অপরিহার্য কূটনৈতিক চালিকাশক্তি হিসেবে তুলে ধরার সুযোগ করে দিয়েছে।

ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলন যেখানে মূলত পারস্পরিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে পুতিনের সঙ্গে এই সাক্ষাৎ এক ভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। উভয় পক্ষ আগেই যে সম্পর্ককে ‘সীমাহীন’ বলে ঘোষণা করেছে, সেই সম্পর্কে নতুন করে আরও কতটা অগ্রগতি হলো, তা প্রমাণ করাটা অপরিহার্য হয়ে পড়েছিল।

শি জিনপিং ও পুতিন এ পর্যন্ত ৪০ বারেরও বেশি সময় মুখোমুখি বৈঠক করেছেন। উভয়েই রাশিয়া-চীন সম্পর্কের গভীরতার ওপর জোর দিয়েছেন; যা ২০২২ সালে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছিল। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছিল মস্কো।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপা...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা