চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই চক্রে এখনো টাইগারদের বেশ কয়েকটি ম্যাচ বাকি। সেই ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলে বাংলাদেশ ফাইনালে জায়গা করে নিতে পারে বলে মনে করেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়? ভালো খেলতে হবে। আমরা ভালো অবস্থানে আছি। বিশ্বাস রেখে খেলতে হবে।’
বাংলাদেশ এখন যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও বিশ্বাস করেন মুশতাক। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবার মধ্যে থাকা প্রয়োজন। আমাদের স্কিল আছে, খেলোয়াড় আছে, আত্মবিশ্বাসও আছে। এই বিশ্বাস থাকলে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে, ইংল্যান্ডকে ইংল্যান্ডে কিংবা দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারানো সম্ভব।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হেরেছি। এরপর তারা যখন এখানে এসেছে, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই আমরা তাদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচেও বল স্পিন করাচ্ছে।’
মুশতাকের মতে, জয়ের জন্য মানসিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। কোচ হিসেবে এই মানসিকতা পরিবর্তন করাই আমাদের কাজ। এর কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার। তারা বিশ্বাস করে, আমরা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।’
দলের সামগ্রিক প্রচেষ্টার প্রশংসা করে মুশতাক বলেন, ‘আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এর কৃতিত্ব খেলোয়াড়, কোচ—সবার। এটা আমার একার নয়। আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। আমি যাদের নিয়ে কাজ করি, তারা যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতার চেষ্টা করতে পারে। তাই যে কোনো দলকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।’
সান নিউজ/ রাব্বি