জাতীয়

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

নিজস্ব প্রতিবেদক

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এই নৈশভোজের আয়োজন করা হয়।

এদিন নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এই নৈশভোজের আয়োজন করেন।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ৩ দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ এই সফরে সরকারপ্রধানের সঙ্গী হিসেবে রয়েছেন।

এদিকে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দ্বিপাক্ষিক ওই বৈঠকে মিলিত হন তারা।

সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে তুরস্কের আনতালিয়ায় বুধবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন।

এদিন তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়াও অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়াও ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা