ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে আলোচিত কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে আটক করেছে এসআরবি। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের চায়না গার্ডেনের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি পটুয়াখালী-৮-এর একটি দল অভিযান চালিয়ে মুসাকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
আটক তাইজুল ইসলাম মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় গত ৩১ অক্টোবর কিশোরীর সৎ বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কবিরাজ মুসাকে প্রধান আসামি করে তার স্ত্রী ফাহিমা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, কিশোরী অসুস্থ থাকায় চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ সময় পূর্বপরিচিত অসিম গাজীর মাধ্যমে কবিরাজ মুসার সঙ্গে তাদের পরিচয় হয়। চিকিৎসার কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে মুসা কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে কিশোরীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দেওয়া হলে ভিডিওগুলো মুঠোফোন থেকে পেনড্রাইভে সংরক্ষণ করে অভিযুক্তরা কিশোরী ও তার পরিবারের কাছে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় বিষয়টি প্রকাশ না করতে কিশোরী ও তার মাকে হুমকি দেওয়া হয়। অন্যথায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন বাদী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি পটুয়াখালী-৮-এর সদস্যরা কবিরাজ মুসাকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।
সাননিউজ/বান্না