ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন ধরেই রাজনীতি ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবার নতুন করে যুক্ত হলেন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অন্যদিকে, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হলে তাকে সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্তের কথা জানাননি এই অভিনেতা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় কাজ করেছেন বলে জানা যায়।
সান নিউজ/ রাব্বি