২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.০৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৫ হাজার ৯৫০ জন শিক্ষার্থী।
অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। এ বোর্ডে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫০.৯০ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ২০৪ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হয়েছিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বিভিন্ন কারণে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
এদিকে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফলাফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফলাফল।
সান নিউজ/ রাব্বি