ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ও সংগঠক মাইনুল হাসান মৃধাকে অপহরণের পর কুপিয়ে প্রকাশ্যে হত্যাচেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক মামলার চিহ্নিত আসামী এবং সম্প্রতি রাস্ট্রদ্রোহী মামলার ২৩ নং আসামি তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে বলে প্রত্যাক্ষদর্শি সূত্রে যানা যায়। গত সোমবার (৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাইনুল হাসান মৃধাকে স্থানীয়রা রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মাইনুল হাসান মৃধা বাংলাদেশ স্কাউটসের জাতীয় পদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য, দৈনিক সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ঝালকাঠি জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সহসভাপতি ও সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি।
হাসপাতালে চিকিৎসাধীন মাইনুল হাসান মৃধা অভিযোগ করে বলেন, কিছুদিন আগে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর বাবা টুকু মৃধা প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদ করায় টুকু মৃধার ছেলে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তুরাগ মৃধা ক্ষুব্ধ হন। এর জের ধরে কয়েক দিন আগে বাইপাস মোড় এলাকায় মাইনুলের বড় ভাই সোহেল মৃধার পথরোধ করে তাঁর গলায় চাকু ঠেকিয়ে মারধর করেন তুরাগ। ওই ঘটনার পর থেকেই তাঁকে খুঁজছিলেন বলে অভিযোগ করেন মাইনুল।
মাইনুলের অভিযোগ, তার বোন নাসরিন সুলতানা মুন্নি ও মঞ্জিলা আক্তারের সাথে পৈত্রিক জমি নিয়ে এই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বোনদের পক্ষ হয়ে চাচাতো চাচা টুকু মৃধা বিভিন্ন সময় মাইনুল হাসান মৃধাকে ভয়ভীতি ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার সূত্র ধরে মাইনুল মৃধা টিএনটির বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বাইপাস মোড়ের উদ্দেশ্যে বের হলে মঙ্গলবার রাতে বাসা সামনে আগে থেকে ওত পেতে থাকা তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা তাঁকে তুলে নিয়ে যান। বাইপাস মোড় অতিক্রমের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি গাড়ি থেকে পড়ে যান। পরে তুরাগ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাইনুল মৃধার পরিবারের সদস্যরা।
মাইনুলের স্ত্রী শবনম জেবিন অভিযোগ করেন, হামলার বিষয়টি পুলিশকে জানানোর পরও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো তাঁদের হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বলেন, মাইনুল মৃধার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না