সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবার ফেসবুকে সরব হয়েছেন অন্য একটি ইস্যুতে।
চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। একই সঙ্গে শ্যামনগরবাসীকে ‘ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের’ পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ঘটনা ‘কঠিন চক্রান্ত ও ষড়যন্ত্রের ফল’।
পোস্টে তিনি লেখেন, হাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মুখরোচক অপপ্রচার’ চালানো হচ্ছে। তার অভিযোগ, অপপ্রচারকারীরা ‘প্রাসাদ ষড়যন্ত্রের’ মাধ্যমে নিজেদের দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন।
এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান গাজী নজরুল। তিনি বলেন, এ বিষয়ে এখনই অবস্থান না নিলে ভবিষ্যতে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের উদ্ভব কঠিন হয়ে পড়তে পারে। একই সঙ্গে ‘ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ শ্যামনগর’ গড়ার লক্ষ্যে বিষয়টি বিবেচনার জন্য সচেতন মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন গাজী নজরুল ইসলাম। পরে সেসব পোস্ট আর তার ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায়নি। ওই ঘটনায় তিনি তরুণীটিকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন। পরে এ ঘটনায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
ভিডিওকাণ্ডের পর অন্য কোনো ইস্যুতে এবারই প্রথম গাজী নজরুলকে ফেসবুকে সক্রিয় হতে দেখা গেল। হাজী নজরুলকে নিয়ে দেওয়া পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন ব্যবহারকারীরা। এস কে সেলিম রেজা নামে একজন মন্তব্য করেন, ‘আমি আরও ভাবছিলাম আইডি মনে হয় চলে গেছে, এখন দেখা যায় লজ্জা শেষ হয়েছে পোস্ট চালু হয়েছে।’
গত সোমবার একটি মামলায় হাজী মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। একই দিনে সাতক্ষীরার আদালতে তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টা মামলায় জামিন পান সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সান নিউজ/ জামান