ছবি: সান নিউজ
সারাদেশ
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার

ঝালকাঠি প্রতিনিধি

সরকারি ছুটির দিনে সরকারি দপ্তর বন্ধ থাকার কথা। কিন্তু ঝালকাঠি পৌর ভূমি অফিসে গত শুক্রবার রাতে দেখা গেছে ভিন্ন চিত্র। রাত ১১টার দিকে অফিসের ভেতরে আলো জ্বলছিল, যদিও দরজা ছিল ভেতর থেকে বন্ধ। কয়েকবার কড়া নাড়ার পর ভেতর থেকে জানতে চাওয়া হয়, “কে, কী দরকার?” পরে দরজা খুলে দেন তহশিলদার মো. আবুল বাশার। সে সময় অফিসকক্ষে তাঁকে একাই পাওয়া যায়।

এরও আগে, একই রাতে প্রায় ৯টার দিকে অফিসের সামনে দুই ব্যক্তিকে কাগজপত্র হাতে তহশিলদারের সঙ্গে কথা বলতে দেখা যায়। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।

পরবর্তীতে তহশিলদারের অনুমতি নিয়ে তিনজন গণমাধ্যমকর্মী অফিসে প্রবেশ করেন। পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে, যার ভিডিওচিত্র সংরক্ষিত রয়েছে।

রাতে সরকারি নথিপত্র নিয়ে কাজ

অফিসকক্ষে সরকারি নথিপত্র নিয়ে কাজ করতে দেখা যায় তহশিলদার আবুল বাশারকে। রাতে অফিসে অবস্থানের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমার কাজ থাকতে পারে, আমি কাজ করছি। এতে আপনাদের সমস্যা কোথায়?”

তিনি জানান, অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়, সেটেলমেন্ট অফিসসহ বিভিন্ন দপ্তরে যেতে হয়। ফলে নিয়মিত অফিস সময়ে সব কাজ শেষ করা সম্ভব হয় না।

তবে অফিস সময়ের বাইরে একা সরকারি নথিপত্র নিয়ে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনাদের যদি সমস্যা হয়, তাহলে আর রাত জেগে জনগণের সেবায় কাজ করব না।”

রাতে সেবাগ্রহীতাদের আনাগোনার অভিযোগ

একাধিক সেবাগ্রহীতার অভিযোগ, দিনের পরিবর্তে অনেক সময় তাঁদের সন্ধ্যা বা রাতে অফিসে ডেকে কাজ করে দেওয়া হয়। তাঁদের দাবি, এ সময় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থও নেওয়া হয়।

রাতে সেবাগ্রহীতারা অফিসে আসেন কি না—এমন প্রশ্নে প্রথমে বিষয়টি অস্বীকার করেন আবুল বাশার। পরে তথ্য-প্রমাণের কথা জানানো হলে তিনি বলেন, “আমার কাছে লোক আসতেই পারে, যেমন আপনারাও এসেছেন।”

কথোপকথনের একপর্যায়ে তিনি বিষয়টি আর সামনে না বাড়ানোর অনুরোধ জানান। একই সঙ্গে উপস্থিত গণমাধ্যমকর্মীদের চা-নাশতার খরচ হিসেবে নগদ টাকা দেওয়ারও চেষ্টা করেন।

স্থানীয়দের ভাষ্য

নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসসংলগ্ন বারোচালা এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, তহশিলদারকে প্রায়ই গভীর রাত পর্যন্ত অফিসে থাকতে দেখা যায়। কখনো রাত ১২টা থেকে ১টা পর্যন্তও বিভিন্ন লোকজন তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তবে সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মো. আবুল বাশারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও নতুন নয়।

কামারপট্টি এলাকার এক বাসিন্দার অভিযোগ, বাবার জমির নামজারির জন্য প্রথমে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে পাঁচ হাজার টাকা দেওয়ার পর কাজ সম্পন্ন হয়। একই ব্যক্তি আরও অভিযোগ করেন, তাঁদের দোকান থেকে দুই হাজার টাকার বেশি মূল্যের মালামাল নেওয়া হলেও এর মূল্য পরিশোধ করা হয়নি।

তাঁর দাবি, সরকারি নামজারি ফি যেখানে ১ হাজার ১৭০ টাকা, সেখানে অতিরিক্ত অর্থ নেওয়ার কারণ জানতে চাইলে তাঁকে বলা হয়, “অনেক টেবিল পার হয়ে কাজ করাতে হয়।”

এ ছাড়া ২০২৬ সালের ১৬ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে এক সেবাগ্রহীতা উল্লেখ করেন, নামজারির জন্য তাঁর কাছ থেকে ছয় হাজার টাকা নেওয়া হলেও সরকারি রসিদে উল্লেখ ছিল মাত্র ১ হাজার ১০০ টাকা।

প্রশাসনের বক্তব্য

ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন, এপ্রিল মাসে পাওয়া অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, “দাপ্তরিক প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিন বা অফিস-পরবর্তী সময়ে কাজ করতে পারেন। তবে ওই সময়ে কোনো সেবাগ্রহীতাকে সেবা দেওয়া বিধিসম্মত নয়।”

তিনি আরও জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের দাবি

সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্ত বলেন, ভূমিসেবা সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি সেবা। এ খাতে অনিয়ম, দুর্নীতি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে ছুটির রাতে সরকারি অফিস খোলা রাখা, ওই সময়ে সেবাগ্রহীতাদের উপস্থিতির অভিযোগ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ—এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে প্রশাসনের চলমান তদন্তের দিকেই এখন সবার নজর।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা