শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে সাময়িক সুবিধা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আবারও আগের নিয়ম অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হবে। এর ফলে দোকানপাট ও বিপণিবিতানের কার্যক্রম দুই ঘণ্টা কমে গেল।
বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার চলতি বছর বিভিন্ন সময়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে। দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় ২২ অক্টোবর পর্যন্ত দোকান ও শপিং মল রাত ১০টা পর্যন্ত চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, ওই বিশেষ সুবিধার সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আবারও রাত ৮টার মধ্যে দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ করতে হবে। অর্থাৎ আগের নির্ধারিত সময়সূচিই ফের কার্যকর হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বছরের শুরু থেকেই খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়। প্রথমদিকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে পরে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদকে সামনে রেখে মে মাসের মাঝামাঝি সময়ে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে আগস্টে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। সেই সিদ্ধান্তই এখন পুনরায় কার্যকর হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সরকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী সময়সূচি সমন্বয় করে আসছে।
সান নিউজ / রাজীব