জাতীয়

চাকরি না পেয়ে চরম হতাশায় ভুগছেন বেকাররা, নেই দৃশ্যমান উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

গত ১০ বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে সাড়ে ২৪ শতাংশ। প্রতিবছর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েক লাখ ছাত্রছাত্রী পাশ করে বের হচ্ছেন। এই মুহূর্তে সরকারি প্রতিষ্ঠানে সাড়ে চার লাখের বেশি পদ শূন্য রয়েছে। কিন্তু এসব পদ পূরণে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আর বতর্মানে শ্রমবাজারে ২৬-২৮ লাখ কর্মক্ষম বেকার রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।

বিশেষজ্ঞদের অভিমত-দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা সর্বজনীন বা কর্মমুখী নয়। তাই শিক্ষার সঙ্গে কর্মের সংযোগ স্থাপন করা যাচ্ছে না। পাশাপাশি কর্মহীন বিপুল এ জনগোষ্ঠীর কর্মসংস্থানে সরকারের পরিকল্পনার অভাব রয়েছে। বাস্তবতাবিমুখ শিক্ষাব্যবস্থা, শিক্ষার বাণিজ্যিকীকরণ, কারিগরি শিক্ষাকে উপেক্ষা, যুবশক্তির অবমূল্যায়ন, সমৃদ্ধিবিমুখ চিন্তাসহ নানা কারণে বেকারের সংখ্যা বাড়ছে। ফলে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীর একটি বড় অংশই বেকার থেকে যাচ্ছে। তারা বোঝা হচ্ছেন পরিবার ও রাষ্ট্রের। বিদ্যমান পরিস্থিতিতে চাকরি না পেয়ে বিপুলসংখ্যক এই বেকার চরম হতাশা ও মানসিক চাপে ভুগছেন। তবে বেসরকারি খাতে কী পরিমাণ কর্মসংস্থান রয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারি কোনো প্রতিষ্ঠানে।

বিশেষজ্ঞদের আরও অভিমত-বিনিয়োগ না বাড়লে এ সংকট হবে দীর্ঘস্থায়ী। দেশের প্রায় ৪৩ শতাংশ জনগোষ্ঠী তরুণ হলেও তারা যেন বোঝা না হয়, সেজন্য দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় নানা ধরনের সামাজিক অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকাসক্তি এবং পারিবারিক শান্তি ও বন্ধন বিনষ্ট হওয়ার মত তাদের।

শিক্ষাবিদরা বলছেন, ‘মূলত তিনটি কারণে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে। কর্মের সঙ্গে শিক্ষার সংযোগ নেই। চাকরির বাজারে যে চাহিদা রয়েছে, সেই রকম জনবল আমরা তৈরি করতে পারছি না। আবার প্রতিবছর যেসব শিক্ষিত মানুষ চাকরির বাজারে যুক্ত হচ্ছেন, তাদের উপযোগী চাকরি নেই। এছাড়া দেশে প্রতিনিয়তই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে শিক্ষার মান নিয়ে রয়েছে প্রশ্ন। এই কারণে উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। উচ্চশিক্ষিত বেকারের হার কমাতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করে শিক্ষার্থীর হার ৬০ শতাংশে উন্নীত করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান মঙ্গলবার যুগান্তরকে বলেন, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। সরকারি পদ একদিনে শূন্য হয় না। ধীরে ধীরে পদগুলো শূন্য হয়েছে। পর্যায়ক্রমেই তা পূরণ হবে। তবে আগের চেয়ে শূন্য পদ অনেক কমে আসছে। সুতরাং বিষয়টি নিয়ে কোনো জটিলতা দেখছি না। তিনি আরও বলেন, যেখানে লোক লাগবে, সেখাইে নিয়োগ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে সরকার অনেকটা উদার। সিনিয়র সচিব বলেন, ক্যাডার পদের উপরের ধাপগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কর্মকর্তা কাজ করছেন। তবে নিচের দিকের পদগুলো হিসাব করলে জনবল কম থাকতে পারে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ যুগান্তরকে বলেন, পড়াশোনা শেষ করে প্রতিবছর অনেক শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বের হচ্ছেন। সেই তুলনায় তাদের কর্মসংস্থান হচ্ছে না। যারা প্রতিযোগিতায় টিকে থাকবেন তারা চাকরি পাবেন। আবার অনেকে চাকরি পাচ্ছেন না। তবে যারা উচ্চ শিক্ষিত, তারা একেবারেই বেকার বসে থাকেন না। কারিগরি ও প্রশিক্ষণভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও বাড়ানো উচিত মন্তব্য করেন তিনি বলেন, কর্মমুখী শিক্ষার দেশ-বিদেশে চাকরি সুযোগ-সুবিধা বেশি রয়েছে। তবে সরকার বিষয়টি গুরত্বসহকারে দেখছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, বর্তমানে দেশে ৫৫টি (২০২৩ সাল পর্যন্ত ৫৩টি) সরকারি এবং ১১৬টি (২০২৩ সাল পর্যন্ত ১১৪টি) বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ২০২৩ সালে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ১১ লাখ ৭১ হাজার ৫৩০ জন। একই বছর উচ্চশিক্ষা শেষ করে ডিগ্রি নিয়ে বের হন ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে দেশের উচ্চ শিক্ষার প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভর্তি হন। এই কলেজগুলোতে স্নাতক (সম্মান) ও ডিগ্রি (পাশ) কোর্সের জন্য আসন সংখ্যা যথাক্রমে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫ এবং ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। এতে প্রতিবছর প্রায় ৯ লক্ষাধিক শিক্ষার্থী স্নাতক ডিগ্রি লাভ করে থাকে। গবেষণার তথ্য বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ৪২ শতাংশ শিক্ষার্থী নিয়মিত চাকরি করছেন। এছাড়া ১৬ শতাংশ আত্মকর্মসংস্থানে আছেন। ১৩ শতাংশের বেশি খণ্ডকালীন কাজ করছেন। আর ২৮ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী থাকছেন কর্মহীন বা বেকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রমে শিক্ষা ও শিল্পের সংযোগ প্রায় শূন্য। এখানে পদার্থ বিজ্ঞানের শিক্ষক দর্শনের কোর্সের নম্বর ইনপুট করেন। অনার্স-মাস্টার্সের অনেক কলেজে ল্যাব নেই। সেখানে আবার রসায়ন, পদার্থ আর জীববিজ্ঞানের পরীক্ষায় শতভাগ নম্বর দেওয়া হয়। অনেক কলেজে ল্যাব থাকলেও সেখানে কোনো কাজ হয় না। ফলে এখান থেকে লেখাপড়া শেষ করে অনেকেই বেকার থাকেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাবমতে, বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। সরকারি কর্মচারী পরিসংখ্যান ২০২৪-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। যা মোট কর্মচারীর ২৪ দশমিক ৪০ শতাংশ। এ ছাড়া দেশে সরকারি কর্মচারীর সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১। এর মধ্যে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১টি পদে কর্মরত রয়েছেন। ফাঁকা রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ। প্রথম থেকে ৯ম গ্রেডের সরকারি পদ (ক্যাডার, নন-ক্যাডার) ২ লাখ ৫৯ হাজার ৬৫৭টি। কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। ফাঁকা রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। ১০ম থেকে ১২তম গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণির পদ ৩ লাখ ৬২ হাজার ২৮৯টি। কর্মরত আছেন ২ লাখ ৩৩ হাজার ৭২৬টি পদে। শূন্য বা ফাঁকা রয়েছে ১ লাখ ২৮ হাজার ৫৬৩টি পদ। তৃতীয় শ্রেণির মোট পদ ৭ লাখ ৬০ হাজার ৬৩৪টি। কর্মরত আছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫টি পদে। শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ। ১৭তম থেকে ২০তম গ্রেডের পদ ৫ লাখ ১৯ হাজার ৮১২টি। কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদে বর্তমানে কোনো জনবল নেই।

বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ, যা ২০১৭ সালের জরিপের তুলনায় দ্বিগুণ। সেই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ৪ লাখ। এই জরিপে দেখা যায়, শিক্ষিত বেকারের হারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, বেকারের সংখ্যা ২০২৩ সালে ২৫ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ২৭ লাখে পৌঁছেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা