সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন ডা. শফিকুর রহমান।
চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
এতে বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরবের বিশেষ মর্যাদার কথা তুলে ধরার পাশাপাশি মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় দেশটির দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার কথাও চিঠিতে তুলে ধরা হয়।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
সান নিউজ/ রাব্বি