পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।
ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে ঘোষিত এ ছুটি সরকারি সাধারণ ছুটি নয়; এটি ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এর অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে।
এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবারের ছুটি নিয়ে নিজ নিজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আখেরি চাহার সোম্বা সফর মাসের শেষ বুধবার। মুসলিম সমাজে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মিলাদ, আলোচনা ও মোনাজাতের আয়োজন করা হয়।
সান নিউজ/ জামান